ওমানের ঘানিম অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডার এবং হরমুজ প্রণালির একটি পাথুরে এলাকায় স্থাপিত মার্কিন সামুদ্রিক নজরদারি রাডার ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ দাবি করে। খবর আল জাজিরার
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, চলমান হামলার ১৩তম দফায় এই অভিযান চালানো হয়েছে।
এতে বলা হয়, ‘প্রতিশোধমূলক এই সামরিক অভিযান দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে।’
বিবৃতিতে আরও দাবি করা হয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখনো আইআরজিসির নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
এ ছাড়াও সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান বাহিনীর (স্পেশাল অপারেশনস) কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।
আইআরজিসির দাবি, ইরানের ইরানশাহর এলাকায় ইরানি সেনা সদস্যদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
তারা আরও বলেছে, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা অব্যাহত থাকলে এই জলপথ দিয়ে কোনো তেল বা গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

