যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল‘ খাদ্য উৎসবে বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সিয়াটল সেন্টারে এ ঘটনা ঘটে।
সিয়াটল পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হারবারভিউ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গুলির ঘটনা ঘটার সময় উৎসবস্থলে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর ৭ থেকে ৮টি গুলির শব্দ শোনার পর মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে দৌড়াতে গিয়ে অনেকেই পদদলিত হওয়ার উপক্রম হন।
২৫ বছর বয়সী প্রত্যক্ষদর্শী এস্টান ওয়াকোনাবো বলেন, উৎসবটি শুরু থেকেই এতটাই ভিড় ছিল যে চলাফেরা করাই কঠিন ছিল। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে মানুষ একে অপরকে মাড়িয়ে দৌড়াতে শুরু করে। পুরো পরিস্থিতি ছিল বিশুদ্ধ বিশৃঙ্খলা।
তিনি আরও জানান, ঘটনাস্থলে ফিরে এসে তিনি মাটিতে পড়ে থাকা একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে দেখেন। তাদের মধ্যে একজনের মরদেহ হলুদ চাদর দিয়ে ঢেকে রাখা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও গুলির শব্দের পর উৎসবস্থলে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার দৃশ্য দেখা গেছে।
হামলার পর একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তবে আরেকজন এখনও পলাতক। পুলিশ ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পলাতক সন্দেহভাজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
১৯৮২ সাল থেকে আয়োজিত ‘বাইট অব সিয়াটল’ যুক্তরাষ্ট্রের অন্যতম বড় খাদ্য উৎসব। প্রতি বছর তিন দিনের এই আয়োজনে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন।

