ইসরাইলের নিরাপত্তা, প্রতিরক্ষা ও কূটনৈতিক অঙ্গনের প্রায় ৬০০ সাবেক কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
ওই কর্মকর্তারা ইসরাইল সরকারের অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের জমি দখলে উৎসাহ দেওয়ার নীতির বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন।
সেখানে বলা হয়েছে, এ নীতি শুধু ইসরাইলের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলছে না। বরং ট্রাম্পের আব্রাহাম চুক্তি সম্প্রসারণের উদ্যোগকেও হুমকির মুখে ফেলছে।
আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরাইল কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল, যাদের সঙ্গে আগে কখনও যুদ্ধ হয়নি। তবে এতে ফিলিস্তিন ইস্যুটি কার্যত পাশ কাটিয়ে যাওয়া হয়েছিল।
বিশ্লেষকদের মতে, এই চিঠির উদ্দেশ্য হলো- হোয়াইট হাউসের ওপর প্রভাব সৃষ্টি করা এবং স্বাক্ষরকারীদের দৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠা পরিস্থিতির লাগাম টেনে ধরা।
এ অবস্থান ইসরাইলের প্রতিরক্ষা মহলের আগের সতর্কবার্তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সেখানে বলা হয়েছিল, বসতি স্থাপনকারীরা ক্রমেই নিজেরাই উদ্যোগ নিয়ে ইসরাইলি সেনাবাহিনীর হয়ে কাজ করছে, যা শেষ পর্যন্ত ইসরাইলি সেনাদেরও ঝুঁকির মধ্যে ফেলছে।

