বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রের মিসাইল হামলায় ইরানের খুজেস্তানে নিহত ৭

বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

প্রিন্ট করুন

ইরানের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন মিসাইল হামলায় ইরানের খুজেস্তান প্রদেশে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে দক্ষিণ ইরানের বিভিন্ন জায়গায় এই হামলায় চালায় যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।

প্রদেশের ডেপুটি গভর্নরের বরাতে বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, খুজেস্তানের আলাদা তিনটি জায়গায় এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া আহত হয়েছেন আরও আটজন।

এরআগে হরমুজ প্রণালির সঙ্গে লাগোয়া হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মিসাইল হামলায় চারজন নিহত হয়। যারমধ্যে এক শিশুও আছে।

বিয়ে বাড়িতে হামলা নিয়ে রেড ক্রিসেন্ট বলেছে, যুক্তরাষ্ট্রের মিসাইল হামলার পর, হরমুজগান প্রদেশের সিরিকের কুশেতাক শহরের একটি বাড়িতে আঘাত হেনেছে মিসাইলের শার্পনেল। সেখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। এই হামলায় ৫০ জনের অধিক আহত ও এক শিশুসহ চারজন নিহত হয়েছে।

ইরানের সরকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, যেখানে বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল সেখানে ধ্বংসস্তূপ পড়ে আছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজে চলাচল করা জাহাজ ও যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার চেষ্টা করছিল। তাই তাদের থামাতে নতুন করে হামলা চালানো হয়েছে।

ইরান এরপর মার্কিন অবকাঠামো লক্ষ্য করে জর্ডান, বাহরাইন ও কুয়েতে হামলা চালিয়েছে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে চারজনকে হত্যা করায় ইরাকেও মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড।