শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

শিরোনাম

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: ইসরাইলি সেনাপ্রধান

বুধবার, জুলাই ২৩, ২০২৫

প্রিন্ট করুন

ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে লড়াই এখনো চলছে এবং সেটি শেষ হয়নি।

সামরিক মূল্যায়নের একটি বৈঠকে সেনাপ্রধান এই মন্তব্য করেন বলে ইসরাইলি সেনাবাহিনীর পাঠানো এক বিবৃতিতে জানানো হয়। খবর বার্তা সংস্থা আনাদোলু’র।

এছাড়া গাজায় চলমান যুদ্ধকে ইসরাইলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ বলেও আখ্যায়িত করেন তিনি।

ইয়াল জামির বলেন, ‘ইরান ও তার মিত্রদের এখনো আমাদের লক্ষ্যবস্তু হিসেবেই দেখা হচ্ছে। ইরানের বিরুদ্ধে আমাদের অভিযান এখনো শেষ হয়নি।’

তিনি জানান, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তারা ‘বৃহৎ ও ব্যাপক পরিসরে চলমান অভিযানের জন্য প্রস্তুত থাকে’, বিশেষ করে যেসব এলাকায় ইসরাইল বিমান ও স্থল অভিযান পরিচালনা করে থাকে।

তিনি বলেন, ‘সিরিয়া ও হিজবুল্লাহকে যেন কৌশলগত সামর্থ্য অর্জন করতে না দেওয়া হয়— সে বিষয়ে আমরা কাজ চালিয়ে যাব এবং নিজেদের কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনতাও বজায় রাখব। পাশাপাশি আমরা জুডিয়া ও সামারিয়া (ওয়েস্ট ব্যাংক) অঞ্চলেও সক্রিয়।’

গাজা উপত্যকায় চলমান যুদ্ধ সম্পর্কে জামির বলেন, ‘এটি ইসরাইলি সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ।’

তিনি আরও বলেন, ‘এই যুদ্ধে আমাদের চড়া মূল্য দিতে হচ্ছে, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামব না— জিম্মিদের মুক্তি ও হামাসকে ধ্বংস করা।’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনে ৫৯ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।